
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে স্মৃতি রাণী পাল নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একজোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকায় মৃত গোপাল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।
নিহত স্মৃতি রাণী পাল (২৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে।
স্বামী কাব্য সরকার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সঙ্গে পারিবারিক বিরোধের কারণে স্ত্রী-সন্তানসহ কাব্য সরকার বরমী বাজারের কামারপট্টির নানার বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনার সময় বাড়ির দক্ষিণ পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন গোপাল মিস্ত্রির স্ত্রী রূপকোনা। তিনি বলেন, প্রতিদিন ভোরে আমি বাজারের মন্দিরে পূজা দিতে যাই, তাই রাতে একটু আগেই ঘুমিয়ে পড়ি। আমি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ স্মৃতি দিদা বলে চিৎকার শুনতে পাই। দ্রুত বাইরে এসে দেখি সে রক্তাক্ত অবস্থায় বারান্দায় বসে আছে। কাছে আসার পর সে বারান্দায় লুটিয়ে পড়ে।
কাব্যের প্রতিবেশী ও শ্রীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপাল মিস্ত্রির বাড়ি থেকে চিৎকার শোনার পর সেখানে গিয়ে দেখি স্মৃতি রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্মৃতির বাবা সুনীল পাল বলেন, আড়াই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বছরখানেক পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সোমবার রাত আনুমানিক ৯টা ১৪ মিনিটে শেষবারের মতো স্মৃতি রাণীর সঙ্গে কথা হয়, তখন তার স্বামী ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে কাব্য ফোনে জানান স্মৃতির কিছু হয়েছে। এরপর আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার মৃত্যুর খবর পাই। ঘটনার কথা শুনে স্বামী কাব্য ভারত যাওয়ার পথ থেকে ফিরে আসে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, রাত ১০টা ৪০ মিনিটের দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার ঘাড়ে ধারালো কোনো কিছুর আঘাতে গভীর ক্ষত ও ডান হাতের কব্জির কাছে ক্ষত ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা ও একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
