
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার বিকেল ৪টায় বেনাপোলের ঘিবা গ্রামের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের বিশেষ নির্দেশনায় থানা পুলিশ রোববার দিনব্যাপী বেনাপোল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে রাত ৯টার দিকে ঘিবা গ্রামের আমান আলীর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, যশোরের বেনাপোল থেকে ১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আশরাফুল হোসেন (২২) এবং বকুল হোসেনের ছেলে শোয়াইব হোসেন (২১)। তাদেরকে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়। পুলিশ জানায়, তারা বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।