বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আ.লীগ নেতা রুস্তমখন্দকার গ্রেপ্তার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রুস্তম খন্দকারকে পুলিশ ও বিজিবি সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে যশোরের বেনাপোল থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কৌশলে পালিয়ে যান তার সহযোগীরা। রুস্তম খন্দকার ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মজুমদার জানান, বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রুস্তম খন্দকারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং পরে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে।

অপরাধীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সে জন্য চেকপোস্ট ইমিগ্রেশন ভবনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট যাত্রীদের মধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে, এ কাজে পুলিশ, বিজিবি এবং সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা সহায়তা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *