ভারত থেকে বেনাপোল বন্দরে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি, দাম কমার আশা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫৯৩ মেট্রিক টন কাঁচা মরিচের বিশাল চালান এসেছে, যা স্থানীয় বাজারে স্বস্তি নিয়ে এসেছে। আশা করা হচ্ছে, এর ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম কমবে। বর্তমানে বেনাপোলসহ আশেপাশের বাজারগুলোতে কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে মরিচ আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গা পূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের কার্যক্রম পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার বন্দর চালু হওয়ার পর ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচের চালান এসেছে। ৫০টি ট্রাকে কাঁচা মরিচের এই চালান বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।

বেনাপোল কাস্টমস থেকে জানা গেছে, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার ভারত থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে কাঁচা মরিচ আমদানি করেছেন। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা, এবং শুল্ক কর ৩৬ হাজার টাকা। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আরো ১১ মেট্রিক টন মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং শুল্ক পরিশোধ শেষে খালাস করা হয়েছে।

বন্দর এলাকার শ্রমিক ও সাধারণ মানুষ জানান, টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। আমদানি পুনরায় শুরু হওয়ায় বাজারে মরিচের দাম কমার সম্ভাবনা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, সোমবার ও মঙ্গলবার ৫৯৩ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে এসেছে এবং আমদানিকারকদের কাছে সরবরাহ করা হয়েছে। বাকি চালানগুলিও সন্ধ্যার মধ্যে খালাসের জন্য প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *