গাজীপুর সদরে যুবদল নেতার ওপর হামলা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিল আহত হয়েছেন।

শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন নয়নপুর (রাজেন্দ্রপুর সেনানিবাস) এলাকার মোড়ল মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক কর্মসূচি শেষে পারিবারিক কাজে রৌদ্রপুর গ্রামের উদ্দেশে মোটরসাইকেলে করে যাওয়ার পথে নয়নপুর মোড়ল মার্কেট এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি এমদাদ হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় নয়নপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে লিটন মিয়া (৪৮), মৃত ওসমানের ছেলে আলম সরকার ওরফে বাউল আলম (৪৭), মৃত আব্দুর রউফের ছেলে সোহেল ওরফে জ্যাক সোহেল (৩৮) এবং হালডোবা গ্রামের মৃত ইয়াসমিন মাতাব্বরের ছেলে সিরাজুল ইসলাম (৪২)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুঠার দিয়ে এমদাদ হোসেনের মাথায় কোপ দেওয়া হলে তিনি মাথার পেছনে গুরুতর রক্তাক্ত জখম হন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে হামলাকারীদের হামলায় অলিলও আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত এমদাদ হোসেন ও অলিলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুবদল নেতা এমদাদ হোসেনের ওপর হামলার ঘটনায় গাজীপুর সদর উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।