গাজীপুর সদরে লাইসেন্স-পরিবেশ ছাড়পত্র ছাড়াই হাসপাতাল, বন্ধের নির্দেশ

print news

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গাজীপুরের ইবনে সিনা মডেল হাসপাতাল, এসকে হাসপাতাল, গ্যালাক্সি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মনিপুর পপুলার হাসপাতালের চিকিৎসাসেবা, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

পরিদর্শনে ইবনে সিনা মডেল হাসপাতালের প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশনা দেন সিভিল সার্জন। এ সময় হাসপাতালটি বন্ধের নির্দেশনা সংবলিত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে ওই মুহূর্তে হাসপাতালে চারজন গুরুতর রোগী ভর্তি থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান সার্জন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ওই হাসপাতালে চেম্বার না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এরপর এসকে হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জন। পরিদর্শনে হাসপাতালটির প্রয়োজনীয় সব ধরনের লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। তবে হাসপাতালটির জায়গা তুলনামূলক কম হওয়ায় সঠিকভাবে সেবা কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

এ ছাড়া গ্যালাক্সি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মনিপুর পপুলার হাসপাতাল পরিদর্শন করে লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়। তবে গ্যালাক্সি হাসপাতালে কোনো জেনারেল ওয়ার্ড না থাকায় সেখানে পুরুষ ও নারী রোগীদের জন্য পৃথক জেনারেল ওয়ার্ড রাখার নির্দেশনা দেন সিভিল সার্জন।

পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে ছিলেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান অফিস সহকারী ইখতিয়ার উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহীনুর ইসলাম এবং পরিসংখ্যানবিদ আমানুল্লাহ।