
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া সৈয়দপুর এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় গোবিন্দপুর ইউনিয়নের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইজিপিপি (EGPP) কর্মসূচির অধীনে এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। জনকল্যাণমুখী এ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে একদিকে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, অন্যদিকে স্থানীয় দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন শ্রীমতী লক্ষ্মী রানী চৌধুরী। স্বাগত বক্তব্যে জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে এবং কৃষকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, গাঙ্গাটিয়া সৈয়দপুর এলাকার এই খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং আশপাশের কৃষিজমি সরাসরি উপকৃত হবে। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে তিনি প্রকল্পের ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমান, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পানান বিল এলাকায় গিয়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরোধানের ক্ষেত পরিদর্শন করেন। এ সময় তারা কৃষকদের সাথে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর বর্ষায় পানান বিল এলাকায় জলাবদ্ধতার কারণে বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। তারা আশা করছেন, খাল খনন কাজ দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান মিলবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
