গাজীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলায় বিভিন্ন হোটেল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপজ্জনক ও অস্বাস্থ্যকর উপকরণ জব্দ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাঘেরবাজার ও আশপাশের কয়েকটি হোটেল ও রান্নাঘরে তল্লাশি চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দল। এ সময় খাবার তৈরিতে ক্ষতিকর রং, স্যাকারিন, হাইড্রোজ এবং পুরনো বাঁশি চিকেন গ্রিল জব্দ করা হয়। পরে এসব গ্রিল ও উপকরণ ধ্বংস করা হয়।

অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুতের দায়ে কাপাসিয়া হোটেল ও রয়েল রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউস হোটেল–এর মালিকদের সতর্কতামূলক নোটিশ প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। এ সময় সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।