কাপাসিয়ায় ডিপ্লোমা নার্সদের কর্মসংস্থানে চাকরির মেলা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডিপ্লোমা নার্সদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্যোগে আয়োজিত এ মেলায় চাকরি প্রত্যাশী ডিপ্লোমা নার্সদের সঙ্গে স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়।

চাকরি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ঢাকা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারী পরিচালক তাজকেরা খাতুন এবং সিনিয়র নার্স শাহীনুর খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত নার্স ছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর সেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রশিক্ষিত নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ে চাকরি মেলার আয়োজন নার্সদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে তারা মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, বর্তমানে এ কলেজ থেকে পাস করা চাকরি প্রত্যাশী ডিপ্লোমা নার্সের সংখ্যা প্রায় দুই শতাধিক। তারা পেশাগতভাবে প্রশিক্ষিত ও দক্ষ। এসব নার্স বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের মাধ্যমে মানসম্মত সেবা প্রদান করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিরা মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা নার্সদের অগ্রাধিকার দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন।