আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কুড়িগ্রাম প্রতিনিধি: নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহী।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনাররাও শুনানিতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ বিষয়ে জানতে চাইলে মাহবুবুল আলম সালেহী বলেন, “মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করি। আপিলে আমি মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশন ও আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

কুড়িগ্রাম-৩ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।