হোসেনপুরে ভ্যান–পিকআপ–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গফরগাঁও সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্যান, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোর সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত রাফিন (২৪), আল-আমিন (২৪) ও নুরুল হক (২৫)–এর মধ্যে রাফিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও সতর্কতার অভাবের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটে।