
বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের সেবার মানোন্নয়ন, যাত্রীভোগান্তি কমানো এবং সরাসরি অভিযোগ ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে বেনাপোল রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল রেলওয়ে প্রাঙ্গণে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন নবাগত স্টেশন মাস্টার আইনাল হাসান। প্রধান অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. ময়েন উদ্দীন সরদার, ডিইএন-১ মো. হানিফ হোসেন, ডিটিও হাসিনা আক্তার, ডিসিও গৌতম কুমার কুন্ডু, ডিইই রিফাত শাকিল, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ে ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোর্তজা আহম্মেদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, পরিবেশ সম্পাদক মাসুদুর রহমান কাক্কু এবং বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
গণশুনানিতে বক্তারা বলেন, বেনাপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন, যা ভারতের পেট্রাপোলের সঙ্গে সংযুক্ত। অথচ দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি, ট্রেনের সময়ানুবর্তিতা, বগির পরিবেশ ও যাত্রীসেবায় নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে রেল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বক্তারা নিয়মিত গণশুনানার মাধ্যমে যাত্রীদের সমস্যা সরাসরি শোনার দাবি জানান। পাশাপাশি রেলের উন্নয়নে সাধারণ নাগরিকদের পরামর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় বাণিজ্য সম্প্রসারণে পণ্য পরিবহন ও খালাসে ধীরগতি দূর করতে আরও একটি পণ্যবাহী ট্রেন চালুর দাবি জানান ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। অন্যদিকে রেল শ্রমিক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন ও বকেয়া পরিশোধের দাবি তুলে ধরেন শ্রমিক নেতা মো. সহিদ আলী।
সব অভিযোগ শোনার পর ডিআরএম লিয়াকত শরীফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে— টিকিট কালোবাজারি রোধে গোয়েন্দা নজরদারি জোরদার, প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন ছবিসহ দাখিল, অতিরিক্ত দামে খাবার বিক্রি করলে ক্যাটারিং ঠিকাদারের লাইসেন্স বাতিল এবং ট্রেনের বগিতে নিয়মিত টহল জোরদার করা।
এছাড়া স্টেশন প্ল্যাটফর্মের মসজিদের জন্য একটি কার্পেট সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। গণশুনানির সার্বিক পরিচালনায় ছিলেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
