
গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৫ আসামি, মাদকবিরোধী অভিযানে ১ জন এবং ছিনতাই চক্রের আরও ২ জনসহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া দুটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) রাতভর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন—পরিমল সরকারের ছেলে পার্থ মণ্ডল, ফজলু ভূইয়ার ছেলে খাবির ভূইয়া এবং মৃত বাছির উদ্দিন ভূইয়ার ছেলে ফজলু ভূইয়াসহ আরো দুই জনকে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে বড় কয়ের এলাকায় হায়দার আলীর বাসা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
এ ছাড়াও ছিনতাই হওয়া দুটি সিএনজি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ভবানীপুর এলাকায় পৌঁছালে সিএনজি চালক আবু সুফিয়ান হঠাৎ গাড়ি থামিয়ে যাত্রী জেসমিন চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারিদের সহযোগীরা মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে জখম করার পর সিএনজি, নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। পরে বাদী থানায় মামলা দায়ের করেন।এসব ঘটনায় দুইটি সিএনজি উদ্দেশ্য দুজনকে গ্রেফতার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্তসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।