গাজীপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার মনিপুর পিয়ারা বাগান এলাকায় পূর্বশত্রুতার জেরে হাবিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেছে স্থানীয় তিন যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২৪ নভেম্বর দুপুর দেড়টার দিকে। পরে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে হাবিবুর রহমানের মা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বখাটে মেহেদী হাসান (২৫), তার বাবা সানোয়ার হোসেন (৪৫) এবং সহযোগী রাকিব (২৬) দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হাবিবুর রহমানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন হাবিবুর রহমান বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে সানোয়ার হোসেনের দোকানের সামনে পৌঁছালে তিনজন মিলে তার পথরোধ করে।

এসময় তারা প্রথমে লাঠি ও হাতের কাছে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি করে। পরে মেহেদী হাসান ধারালো চাকু দিয়ে হাবিবুর রহমানের গলায় কোপ দেন। পাশাপাশি সানোয়ার হোসেন ছোড়া দিয়ে তার বাম পায়ের গোড়ালি, বাম হাতের কব্জির ওপর এবং পিঠে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার পর হাবিবুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে চাইলে অভিযুক্তরা হাবিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দিচ্ছে। অন্যদিকে, থানায় অভিযোগ করার পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

তাদের দাবি— অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা।