বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ হলরুমে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও বগুলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম (জুয়েল)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে নিজেদের দক্ষ করে তুলতে হবে। কলেজ জীবনের পরিশ্রম ভবিষ্যতের সফলতার ভিত্তি। লক্ষ্য স্থির রেখে নিষ্ঠা ও পরিশ্রম করলে তোমরা অবশ্যই সফল হবে। তোমাদের সফলতার মধ্য দিয়েই বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাতা সদস্য জাফর আলী খাঁ, সিনিয়র শিক্ষক আহাম্মদ আলী, বগুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিন্টু, বিএনপির প্রবীণ নেতা ও বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান এবং এডহক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ও সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পেষ্কার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, স্থানীয় জনপ্রতিনিধি অদুত মেম্বার, জামাল মিয়া, মনিরুল আলম, রিপন মিয়া, এরশাদ মেম্বার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্ব গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা একটি সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি আরিফুল ইসলাম বলেন, প্রতিটি শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে তিনটি গুণ ধারণ করতে হবে—স্বপ্ন দেখার সাহস, পরিকল্পনা করার দক্ষতা এবং অবিচল অধ্যবসায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *