
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার থেকে সিংড়াতলী সড়কের তালগাছিয়া বাজার সংলগ্ন এলাকায় সম্প্রতি আরসিসি ঢালাই কাজ শেষ হওয়ার পর থেকেই দেখা দেয় যান চলাচলে চরম দুর্ভোগ।
ঢালাইয়ের শেষ প্রান্তে পুরোনো কার্পেটিং রাস্তাটির সঙ্গে সমান না করেই কাজ শেষ করায় সেখানে তৈরি হয় একটি উঁচু-নিচু সংযোগ স্থান, যা প্রতিদিন ছোট-বড় যানবাহনের জন্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের চলাচলে দেখা দেয় মারাত্মক ভোগান্তি।
বিষয়টি নজরে আনেন ভাওয়ালগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মুনজুর আলম। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সমস্যার কথা শুনে তিনি নিজ উদ্যোগে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন।
তার গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় রাস্তাটির ভাঙা ও অসম অংশ মেরামত করে ঢালু করে সমান করে দেওয়া হয়, যাতে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং আর কোনো দুর্ঘটনা না ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, “অনেকদিন ধরে এই জায়গায় দুর্ঘটনা হচ্ছিল। আমাদের অনেক অনুরোধেও কাজ হয়নি। মুনজুর আলম ভাই এগিয়ে এসে বিষয়টি যেভাবে সমাধান করলেন, তা সত্যিই প্রশংসনীয়।”
জনস্বার্থে একজন রাজনৈতিক নেতার এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সকলে মনে করছেন, জনদুর্ভোগে রাজনীতিকদের এ ধরনের মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
