গাজীপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

> ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি। 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো।

রোববার (২৯ জুন) সকালে বাঘের বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একের পর এক জমি দখল করে আসছেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। গত ৫ আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নতুন একটি দলের ছত্রছায়ায় থেকে একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বলেন, “তিন ভাইয়ের মধ্য থেকে এক ভাইয়ের ২৮ শতাংশ জমি আমি বৈধভাবে ক্রয় করে খাজনা-খারিজ করেছি। কিন্তু শাখাওয়াত সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমি দখল করে নিয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার ও স্বজনদের নামে মিথ্যা মামলা দিয়েছে।”

আরেক ভুক্তভোগী রমজান আলী অভিযোগ করেন, “আমাদের বৈধ জমিতে আমরা প্রবেশ করতে পারছি না। শাখাওয়াতের লোকজন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর নামে এক ভাড়াটে সন্ত্রাসী, যিনি এলাকায় মাদক, ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত, তাকে দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।”

ফারুক হোসেন নামের আরেক ভুক্তভোগী বলেন, “যে জমির বিষয়ে মামলা হয়েছে, সেই জমির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি শাখাওয়াত হোসেনের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই। তবুও আমাকে মামলায় আসামি করা হয়েছে।”

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, শাখাওয়াত হোসেন বিগত সরকারের সময়ে এমপি-মন্ত্রীসহ প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে আবারও একই কায়দায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তারা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *