জয়দেবপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জয়দেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ।

শনিবার (২১ জুন) রাত ৯টায় জয়দেবপুর থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। গত (১৮ জুন) তিনি থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি মাহাবুব হোসেন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক মিলন শেখ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, রোকুনুজ্জামান খানসহ আরও অনেকে।

এছাড়াও সভায় থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস রফ ও অপারেশন ইনচার্জ সঞ্জয় সাহা। সভায় মাই টিভির প্রতিনিধি মাহবুবুল আলমও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা গাজীপুর সদর উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা যেমন মাদক, জুয়া, চোরাচালান, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরে এর প্রতিকারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ওসি তৌহিদ আহমেদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় আনা এবং অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন। পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।”

ওসি তৌহিদ আহমেদ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *