
গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের রাজেন্দ্রপুর সাহেবপাড়া এলাকায় এক সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে রোববার (১১ মে) বিকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে ওসি হালিম বলেন, “অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অটোরিকশা চুরি, মাদক ব্যবসা, জুয়া ও দেহব্যবসা সহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপরাধ দমনে স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে, যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করা।”
ওসি হালিম জানান, “যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির সম্পর্কে তথ্য থাকলে দ্রুত তা পুলিশকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।”
স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের সচেতনতামূলক বৈঠক সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এবং সবাইকে অপরাধ প্রতিরোধে উৎসাহিত করবে।
