যশোর ঝিকরগাছায় শিক্ষকের মারধরে ছাত্রী হাসপাতালে, তদন্ত কমিটি গঠন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা শিক্ষকের মারধরের শিকার হয়ে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন (১০) হাসপাতালে ভর্তি হয়েছে। পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তাকে এমন নির্যাতন করেছেন। গত বুধবার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস। মুন্নি নোয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে।

আহত ছাত্রীর মা আমেনা বেগম জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে পরপর তিনটি লাথি মারে। এতে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি স্কুলে যান। পরে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মুন্নি হাসপাতালে শিশু সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আমেনা বেগম জানান, পড়া না পারলে যেকোন শিক্ষাথীকে এমনভাবে মারধর করতে পারেন না শিক্ষক। এটা অমানবিক ও নিষ্ঠুরতা। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।

ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস জানান, নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। মারধরের ঘটনায় বৃহস্পতিবার ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার ৪মে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *