সিলেটে প্রায় ৫ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বিশেষ অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, পান্থুমাই এবং সোনারহাট এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ভারতীয় স্কিন সাইন ক্রিম, কফি, চিনি, কমলা, ডাবর গোলাবেরি ক্রিম, ফুচকা, গরু (২০টি), পেপার ন্যাপকিন, বেটনোভেট এন ক্রিম, ভ্যাসলিন লোশন, পটাশ সার, শাড়ি, শুঁটকি, ডাবর রেড টুথপেস্ট, হাজমোলা, অডোনিল, ডাবর আমলা হেয়ার অয়েল, চকলেট, জিরা এবং মদসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *