
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শীতের আগমনী বার্তা নিয়ে হোসেনপুরে হঠাৎ ঘন কুয়াশার চাদরে পুরো উপজেলা আচ্ছন্ন হয়ে গেছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুরে শীতের প্রকোপ হঠাৎ করেই বাড়তে শুরু করে। কয়েক দিন ধরেই ভোরে হালকা কুয়াশা দেখা যাচ্ছিল, তবে শুক্রবার সকালে ঘন কুয়াশা পুরো এলাকার পরিবেশ পাল্টে দেয়। কুয়াশা এতটাই ঘন ছিল যে, মনে হচ্ছিল আকাশ থেকে বৃষ্টি ঝরছে।
ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট প্রায় জনশূন্য ছিল। যানবাহন চলাচল করছিল হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে। যদিও কিছু মানুষকে ভ্যান, অটোরিকশা ও ছোট যানবাহনে চলাচল করতে দেখা গেছে, তবে যাত্রী সংখ্যা ছিল খুবই কম।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকেই হালকা কুয়াশা পড়ছে এবং গভীর রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। কাঁথা-কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। হোসেনপুর কৃষি-অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে শীত একটু আগেই শুরু হয়। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ বজায় থাকে।
ভ্যানচালক হবি মিয়া (৩০) জানান, “আজকে অনেক ঠান্ডা লাগছে। কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না। যাত্রীও পাচ্ছি না, ভাড়া নেই, বসে আছি।”
পথচারী বোরহান মিয়া বলেন, “কুয়াশার মধ্যে হালকা বৃষ্টির মতো ঝরছে। শরীরের কাপড় ভিজে গেছে। ঘন কুয়াশায় এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।”
হোসেনপুর নাগরিক অধিকার কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম ফকির বলেন, “আজ আকস্মিক ঘন কুয়াশা ছিল। হালকা শীত অনুভূত হচ্ছে। তবে ঘন কুয়াশা দেখে মনে হচ্ছে প্রবল শীত পড়ছে।”
এদিকে, শীতের তীব্রতা এবং শীতজনিত কারণে বিভিন্ন রোগবালাই বাড়তে শুরু করেছে। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদরের আধুনিক সদর হাসপাতালে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমায় আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
