পদ্মা সেতু হয়ে বেনাপোল যশোর নড়াইল খুলনা ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বহুল প্রতীক্ষিত বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা সেকশনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।”

তিনি আরও জানান, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ওই দিন সকাল ৬টায় খুলনা থেকে কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। একই দিন বেলা ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেস কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে।

প্রকল্প পরিচালক জানান, বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। নতুন ব্রডগেজ সিঙ্গেল লাইনটি রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাকের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরকার ৩৭,১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক (জিআইবিআর) যশোর থেকে ভাঙ্গা পর্যন্ত লাইন পরিদর্শনের পর এ অগ্রগতির কথা জানানো হয়েছে।”

বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে যশোর থেকে ঢাকা পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করেছে। এটি ব্যয়ের দিক থেকে রেলওয়ের সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্পটির অর্ধেকের বেশি অর্থ চীন ঋণ সহায়তা হিসেবে দিয়েছে।

গত বছরের অক্টোবরে এ লাইনের ভাঙ্গা-ঢাকা সেকশন চালু হয়। বর্তমানে এ সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে। পদ্মা সেতু হয়ে বেনাপোলগামী রেললাইন চালু হলে যশোর থেকে ঢাকার দূরত্ব ২০০ কিলোমিটার কমে যাবে, যা ভ্রমণের সময় অর্ধেকে নামাবে। বর্তমানে যশোর থেকে ঢাকায় পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে। নতুন লাইনটি দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এবং দুটি সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলাকেও সরাসরি সংযুক্ত করবে।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বেনাপোল যশোর-নড়াইল ঢাকা রুটে ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো দিকনির্দেশনা বা তথ্য পাননি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেনাপোল থেকে চলাচলকারী ট্রেনটি বর্তমান রুটেই চলবে বলে জানা গেছে। যশোর-নড়াইল-ঢাকা রুটে নতুন ট্রেন চালানোর বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *