
গাজীপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আল আমিন (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার ভবানীপুর, মোহাম্মদিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় ঘটে। অভিযুক্ত আল আমিন ওই এলাকার মৃত জয়নালের ছেলে।
শিশুটির বাবা জানান, স্কুল ছুটির পর তার ছেলে বাড়িতে ফিরে স্কুলের পোশাক পরিবর্তন করে স্থানীয় একটি এসি ও ফ্রিজ সার্ভিসিংয়ের দোকানে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় অভিযুক্ত আল আমিন তাকে জরুরি কাজের কথা বলে নিজের বাড়ির একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা।
তিনি আরও জানান, এ সময় শিশুটির এক সহপাঠী টিনের বেড়ার ফাঁক দিয়ে ঘটনাটি দেখতে পায়।
পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকে এবং পায়ুপথে ব্যথার কথা জানায়। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে একপর্যায়ে কান্নাজড়িত অবস্থায় শিশুটি তার বাবার কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুটির ওই সহপাঠীর কাছ থেকেও পরিবারের সদস্যরা ঘটনার বিষয়ে জানতে পারেন বলে জানান তার বাবা। পরে এই ঘটনায় জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করি।
অভিযোগের বিষয়ে আল আমিন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি ওই ছেলেটির কাছ থেকে একটি সিগারেট নিয়েছিলাম। এরপর ছেলেটি তার পিছু পিছু ঘরে চলে আসে। তার সহপাঠী যা দেখেছে বলে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। কেন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হয়েছে, তা তিনি জানেন না।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গতকাল আমি ছুটিতে ছিলাম। বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।
