
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজউদ্দিন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজউদ্দিন ভোলার বোরহানউদ্দিন থানার আব্দুল গণির ছেলে।
আটক তাজউদ্দিন ভোলা সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়, যার নম্বর-০৪। এই মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকেই তাদের কাছে গোপন সংবাদ ছিল যে ভোলার বিস্ফোরক মামলার এক এজাহারভুক্ত আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। আসামি তাজউদ্দিন যখন ইমিগ্রেশনে এক্সিট সিলের জন্য আসেন, তখন জিজ্ঞাসাবাদের সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে ভোলায় তার পরিচয় নিশ্চিত করে জানা যায়, তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। এরপর তাকে আটক করা হয় এবং কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহানউদ্দিন থানাকে তাজউদ্দিন আটকের বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ এলে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ তাকে তাদের কাছে হস্তান্তর করবেন।