বেনাপোল বন্দরে বিপুল পরিমাণ শুটকি মাছের চালান আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর শেড থেকে ফিশ মিলের আড়ালে বিপুল পরিমাণ শুটকি মাছের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে এই পণ্যচালানটি আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, যশোরের শামীম এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করে। এই চালানটি ভারতের আর এসটি ইনোভেটিভ সলুশন এলএলপি থেকে আমদানি করা হয়েছে। পণ্য চালানটি কাস্টমস থেকে ছাড়করণের জন্য প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামের একটি সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। চালানটি ভারতীয় তিনটি ট্রাকে বেনাপোল বন্দরে মঙ্গলবার রাতে প্রবেশ করে। ট্রাক নম্বরগুলো হলো ডাব্লু বি ২৩২৫-এফ-৭৭২৩, ডাব্লু বি ২৩-সি-১২৪১ এবং ডাব্লু বি ২৩-এফ ২৩৮৮।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান জানান, বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে কাস্টমস উপ-কমিশনারের নির্দেশে ফিশ মিল ঘোষণার এই পণ্যচালানটি পরীক্ষা করা হয়। পরীক্ষণ করে তিনটি ট্রাকে ৫০ টন ফিশ মিলের মধ্যে ঘোষণা বহির্ভূত প্রায় ৭ টন শুটকি মাছ পাওয়া যায়। ফিশ মিলের ভেতরে শুটকি মাছ থাকায় পণ্য চালানটি সাময়িকভাবে আটক করা হয়েছে। ফিশ মিলে শুল্ক নেই, তবে শুটকি মাছের শুল্ক ৫৮ শতাংশ। বেনাপোল কাস্টমস হাউজে শুটকি মাছের শুল্কায়ন করা হয় প্রতি কেজিতে দুই মার্কিন ডলারে। এই ঘোষণা বহির্ভূত শুটকি মাছের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা, এবং এতে শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা।

এ বিষয়ে সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি তারেক বাবুল জানান, “আমদানিকৃত পণ্য চালানটি ফিশ মিল, এখানে কোনো শুটকি মাছ নেই। ল্যাবে পরীক্ষা করলেই প্রমাণ হবে এটা ফিশ মিল নাকি শুটকি মাছ। এখানে আমার বা আমার আমদানিকারকের কোনো অপরাধ নেই। আমদানিকৃত পণ্যচালানে শুল্ক ফাঁকির কোনো প্রবণতা আমাদের নেই।”

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, “আমদানিকৃত ফিশ মিলের ভেতরে ঘোষণা বহির্ভূত শুটকি মাছ পাওয়ায় পণ্য চালানটি সাময়িকভাবে আটক করা হয়েছে। এই চালানে প্রায় ১০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল। কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *