বেনাপোলের ট্রিপল হত্যা মামলায় চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বুদো সরকার, আজগার আলী ও আব্দুল্লাহ মেম্বার খুনের ঘটনায় পাঁচজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী।

সাজাপ্রাপ্তরা হলেন রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ঈমান আলী। এছাড়া এ মামলায় চার ভাইয়ের বাবা আব্দুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল রাতে বেনাপোলের রঘুনাথপুরে তীব্র ঝড়ের কারণে রাস্তার বিভিন্ন গাছ উপড়ে পড়ে। সেসব গাছ বিক্রি করে এলাকার মসজিদের ফান্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয় দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ২৪ এপ্রিল সকালে নছু, আলাউদ্দিনসহ কয়েকজন গাছের ডাল কাটতে গেলে আরেক পক্ষের আব্দুল্লাহ, শমসের আলী (বুদো), আজগার আলীসহ অন্যরা এসে গাছ কাটতে নিষেধ করেন। এই নিয়ে হাতাহাতি শুরু হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহ, বুদো, আজগার এবং সুমনসহ কয়েকজনকে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই আব্দুল্লাহ মেম্বার মারা যান। স্বজনরা আহতদের হাসপাতালে নেওয়ার পথে আজগার আলী মারা যান, এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বুদোও মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর নিহতদের স্বজনরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত আসামিদের তিনটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নিহত আব্দুল্লাহর ভাই আব্দুল খালেক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ছয়জনসহ সালমান শাহ নামে একজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ, পরে এসআই শরীফ হাবিবুর রহমান। তদন্ত শেষে তিনি সাতজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

মামলায় ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার, ২০ অক্টোবর আদালত তিন আসামির উপস্থিতিতে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করেন। অপর আসামি সালমান শাহ শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম শান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *