৪ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: মঙ্গলবার ২২ অক্টোবর থেকে বৃহস্পতিবার ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল (হরিদাসপুরে) ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কারণে এ দুই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি, শুক্রবার ২৫ অক্টোবর সাপ্তাহিক ছুটির জন্য মোট চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল (হরিদাসপুর) প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার। এদিন তার একাধিক কর্মসূচি এবং স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানিয়েছেন, অমিত শাহের আগমনের কারণে পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ ও পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, সঙ্গে ডগ স্কোয়াডও রয়েছে। পরিচয়পত্র ছাড়া বন্দরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে পেট্রাপোলের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি চিঠি দিয়েছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে শনিবার থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।”

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি-২ ওমর ফারুক জানিয়েছেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে, কারণ ভারতীয় ইমিগ্রেশন থেকে যাত্রী চলাচল বন্ধের বিষয়ে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *