
আনারুল ইসলাম রানা (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসানের অপসারণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর গতিয়াশামসহ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা পাড়ের সহস্রাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবি জানিয়ে বলেন, “তিস্তার ভাঙনে আমরা গ্রামবাসী নিঃস্ব। আমরা তিস্তা পাড়ের মানুষ বৈষম্যের শিকার। নদী ভাঙনের সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি বিরক্তবোধ করেন এবং ফোন বন্ধ রাখেন।”
তারা অভিযোগ করেন, “কখনও কখনও বস্তা সরবরাহ থাকলেও প্রকৌশলীর অনুমতি না মেলায় সেগুলো ভাঙন এলাকায় ফেলতে পারা যায় না। ফলে ব্যবস্থা নেওয়ার আগেই তা নদীগর্ভে চলে যায়। প্রকৃতপক্ষে তিস্তা নদীর ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি ভাঙনের সময় পরিদর্শনেও আসেননি।”
বক্তারা অবিলম্বে তাকে অপসারণ করে একজন দক্ষ ও জনবান্ধব নির্বাহী প্রকৌশলী নিয়োগের দাবি জানান এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য জোর দাবি উত্থাপন করেন।
এসময় বক্তব্য রাখেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম, মিন্টু মিয়া, আজিজার রহমান, আশরাফুল হক, আবুল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে তিস্তা পাড়ের মানুষজন একটি র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
