গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

print news

গাজীপুরে পৃথক চারটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে শাকিল (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে শাকিলের মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সিআইডির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির ডাম্প ট্রাকের চাপায় তারাবানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারাবানু বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী। আহতরা হলেন—একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২)।

নিহতের ছেলে মো. মাইনুদ্দিন বলেন, দুপুরের দিকে তার মা ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাশের বরমী বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগমুহূর্তে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

এদিকে, শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ চন্দ্র দিনাজপুর জেলার কাহারুল উপজেলার খান্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন।

বুধবার রাতে দিনের কাজ শেষে গোসল করে পলাশ উঠানে কাপড় শুকানোর তারে ভেজা কাপড় মেলতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা ওই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় বিমান বাহিনী ঘাঁটির ইউ-টার্নে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী শিমুল আকন্দ (৩০) নামে এক জন নিহত হয়েছে। সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেলের চালক হায়দার আলী (২৪) গুরুতর আহত হয়েছেন। সে সদর উপজেলার মির্জাপুর এলাকার তালতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।