গাজীপুর অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

print news

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমান বাহিনী ঘাঁটি এলাকার ইউ-টার্নে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে হোতাপাড়া থেকে ইউ-টার্ন নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম শিমুল আকন্দ (৩০)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালকের নাম হায়দার আলী (২৪)। তিনি মির্জাপুর এলাকার তালতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোতাপাড়া থেকে ইউ-টার্ন নিয়ে আসার সময় একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিমুল আকন্দকে মৃত ঘোষণা করেন। আহত হায়দার আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।