
গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকা থেকে মোবাইল ফোন হারানোর পর ব্যক্তিগত ফেসবুক আইডি দখল করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গাছা থানায় একটি জিডি দায়ের করেছেন।
অভিযোগকারী হেলাল উদ্দিন (৪২)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সিমচা গ্রামের বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী হেলাল জানান, গত ১৩ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা দিকে গাছা থানাধীন বোর্ড বাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এর কিছুদিন পর তিনি জানতে পারেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি অন্য কেউ নিয়ন্ত্রণে নিয়েছে। মোবাইলে সংরক্ষিত ব্যক্তিগত কিছু ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিকর ছবি তৈরি করা হয়। পরে সেই ছবিগুলো তার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলে তা দ্রুত বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর দাবি, এসব ছবি সম্পূর্ণ ভুয়া, বিকৃত ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তৈরি। এ ঘটনার কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ভুয়া ও আপত্তিকর কনটেন্ট অপসারণ এবং যারা এসব ছবি তৈরি, শেয়ার বা প্রচার করছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে যারা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ছবি তৈরি, প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
