ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে ভোটারদের সহযোগিতা চাইলেন জয়নাল আবেদীন রিজভী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন রিজভী।

সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বুধবার সকালে সদর উপজেলার ভবানীপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন রিজভী বলেন, দীর্ঘদিন ধরে ভাওয়ালগড় ইউনিয়নের মানুষ বিভিন্ন মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। গাজীপুর সদর উপজেলায় এখনো একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসা সেবা নিতে মহানগর কিংবা পার্শ্ববর্তী উপজেলায় যেতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবকিছুরই শিকার হতে হচ্ছে স্থানীয় জনগণকে।

তিনি আরও বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস থাকার কথা থাকলেও ভাওয়ালগড় ইউনিয়নে এখনো এমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ইউনিয়নবাসীকে দূর-দূরান্তে ছুটতে হয়। এসব সমস্যার স্থায়ী সমাধান এবং মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

রিজভী বলেন, আমি বিশ্বাস করি জনগণের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। ভাওয়ালগড় ইউনিয়নকে একটি আধুনিক, সেবাবান্ধব ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা, ভূমি সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে যুব সমাজের একটি বড় অংশ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত হচ্ছে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। ভাওয়ালগড় ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে যে উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেছেন, সেগুলো বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে গাজীপুরে ৩ আসনের সংসদ সদস্য ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের সহযোগিতায় এবং উনার দিক নির্দেশনা স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভূমি অফিস স্থাপন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান জয়নাল আবেদীন রিজভী।

এ সময় তিনি ভাওয়ালগড় ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।