গাজীপুরে সাংবাদিকদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করলেন শ্রমিক আব্দুল মালিক

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

পরিবেশ রক্ষা এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরে সাংবাদিকদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ব্যাগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় স্থানীয় শ্রমিক আব্দুল মালিক উপস্থিত সাংবাদিকদের হাতে পরিবেশবান্ধব পাটের তৈরি ব্যাগ তুলে দেন। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

ব্যাগ বিতরণকালে আব্দুল মালিক বলেন, “বর্তমানে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি, নদী-নালা ও জলাশয় দূষণের অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্য। এ অবস্থা থেকে উত্তরণে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, “পাট বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এক সময় ‘সোনালি আঁশ’ খ্যাত পাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবেশবান্ধব এই পণ্যের ব্যবহার বাড়লে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনি পাটচাষি ও পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষও উপকৃত হবেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাটজাত ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধির বিষয়টি আরও বেশি করে প্রচার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশও ত্বরান্বিত হবে।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার জনপ্রিয় করা, প্লাস্টিক দূষণ কমানো এবং দেশের পাটশিল্পকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।