
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেলে স্থানীয় হাফিজ উদ্দিনের ভাড়া দেওয়া একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভাড়াটিয়া পরিবারের সহায়-সম্বল হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করেই বাড়িটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন প্রতিটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। ফলে শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির মালিক হাফিজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ১১টি কক্ষের ভাড়াটিয়াদের নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার দাবি, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ভাড়াটিয়ারা জানান, আমরা আমাদের কর্মস্থলে কাজ করছিলাম হঠাৎ খবর আসে আমাদের ভাড়া বাসায় আগুন লাগে। পরে বাসায় গিয়ে দেখি আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে কিছুই রক্ষা করতে পারি নাই। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।
এ বিষয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুনের ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০ থেকে ১১টি কক্ষ পুড়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার কথা বললেও পরে যাচাই–বাছাই করে দেখা যায়, ওই কক্ষে লোকজ অবস্থান করছিল। সাধারণত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেস থেকে আগুনের সূত্রপাত হলে লোকজন আহত হওয়ার ঘটনা ঘটে, কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
