ক্যান্সার সচেতনতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে “ক্যান্সারের আগে সচেতন হও, সুস্থতার স্বপ্ন বুনে যাও” প্রতিপাদ্যে ক্যান্সার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালায় ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধের উপায়, প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার গুরুত্ব নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা, ভিডিও ডকুমেন্টারি, খোলা আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গভীর মনোযোগ সহকারে সেশনগুলো উপভোগ করেন।

কর্মশালার হামীম রায়হান নিলয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল মো. আব্দুল জলিল, প্রধান শিক্ষক, বারি হাই স্কুল।

এ সময় বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফাউন্ডেশনের পরিচালক নাঈম হোসাইন, সভাপতি সিফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সিয়াম শেখ এবং কার্যনির্বাহী সদস্য হামীম রায়হান নিলয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য জান্নাতুল নাইম ইমন, শাহিদা আক্তার, দিমান দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নাঈম হোসাইন বলেন, তরুণ শিক্ষার্থীরা ক্যান্সারের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক সময় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। আমরা চাই তারা অল্প বয়স থেকেই সচেতন হোক এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে জানুক। এতে তারা যেমন সচেতন হবে, তেমনি সমাজেও সচেতনতা ছড়িয়ে দিতে পারবে।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।