গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলায় একটি সিরামিকস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী (নয়াপাড়া) এলাকায় অবস্থিত প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে প্যারাগন সিরামিকস লিমিটেডের শ্রমিকরা মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। পরবর্তীতে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রাজেন্দ্রপুর-মির্জাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সড়কে চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়। পরে সন্ধ্যা সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলেও জানা যায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস বিল বকেয়া থাকায় গত ২ এপ্রিল কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় এবং আর্থিক সংকটের কারণে শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।