
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ৫২টি বিলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা লাখো কৃষকের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি নিরসনে দাউদখালী খাল সংস্কার এবং সোনাই নদীর সঙ্গে সংযোগ খাল খননকে সময়ের দাবি হিসেবে তুলে ধরছেন এলাকাবাসী ও বিশেষজ্ঞরা।
১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ‘উলশী–যদুনাথপুর’ প্রকল্পের মাধ্যমে উন্নয়নের নজির স্থাপন করেন। পরবর্তীতে দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নে ‘মাখলা–দাউদখালী’ খাল সংস্কারের উদ্যোগও নেওয়া হয়। গোগা ইউনিয়নের সেতাই ব্রিজ পর্যন্ত খালের কাজ এগোলেও তাঁর মৃত্যুর পর প্রকল্পটি অসম্পূর্ণ থেকে যায়।
গত চার দশকে কার্যকর উদ্যোগের অভাবে শার্শার উত্তরাঞ্চলের মাখলা, বনমান্দার এবং দক্ষিণাঞ্চলের ঠেঙামারী ও গোমর বিলসহ মোট ৫২টি বিল বছরের বেশির ভাগ সময় পানির নিচে থাকে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ইছামতি নদীর জোয়ারের পানি দাউদখালী খাল হয়ে এসব বিলে প্রবেশ করে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার সৃষ্টি করছে। বর্ষা থেকে শীতের শেষ পর্যন্ত স্থায়ী এ জলাবদ্ধতার কারণে হাজার হাজার একর আবাদি জমি অনাবাদী পড়ে থাকছে—যা স্থানীয় অর্থনীতি ও জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
স্থানীয় কৃষক ও বিশেষজ্ঞরা মনে করেন, সংকট নিরসনে দুটি পদক্ষেপ জরুরি—প্রথময়ত শার্শার কায়বা ইউনিয়নের গোমর বিলের আগা খাল থেকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সোনাই নদী পর্যন্ত সংযোগ খাল খনন করা। এটি পানি নিষ্কাশনের মূল ধমনী হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত রুদ্রপুর সীমান্তে দাউদখালী খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা। এতে ইছামতির লোনা পানি প্রবেশ বন্ধ হবে এবং অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে।
আশির দশকের শুরুতে শুরু হওয়া খাল সংস্কার কাজ রাজনৈতিক অস্থিরতায় বন্ধ হয়ে যায়। বর্তমানে দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়লেও শার্শা অঞ্চলের এই গুরুত্বপূর্ণ প্রকল্প এখনো বাস্তবায়নের অপেক্ষায়।
এলাকাবাসীর আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শহীদ জিয়ার অসমাপ্ত ‘মাখলা–দাউদখালী’ প্রকল্প পুনরুজ্জীবিত হলে এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সংশ্লিষ্টদের মতে, জলাবদ্ধতা নিরসন হলে শার্শা–কলারোয়া অঞ্চলে বছরে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকের আয় বাড়বে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
