গাকৃবিতে উৎসবের আমেজে পহেলা বৈশাখ, শোভাযাত্রা ও মেলায় মুখর ক্যাম্পাস

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। দিনটি ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বাঙালি সংস্কৃতির নানা উপাদানে সাজানো হয় পুরো এলাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। মুখোশ, বাদ্যযন্ত্র ও ‘এসো হে বৈশাখ’ ধ্বনিতে মুখর ছিল পুরো আয়োজন।
পরে বৈশাখী চত্বরে নববর্ষ বরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় দেশীয় খাবার, হস্তশিল্প, পোশাক ও বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রীর ১৭টি স্টল স্থান পায়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।
এছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও শিশুদের পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি বাঙালির ঐক্য, সংস্কৃতি ও নতুন সূচনার প্রতীক।
উল্লেখ্য, দিনটিকে আরও স্মরণীয় করতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ বিশ্ববিদ্যালয় শাখা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচির আয়োজন করে।