
বেনাপোল প্রতিনিধি :
ভারতের পশ্চিমবঙ্গ-এর বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে ২৮ জন বাংলাদেশি শিশু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন-এর কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শিশুদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। তাদের অধিকাংশের পিতা বা মাতা বর্তমানে ভারতে কারাগারে সাজাভোগ করছেন বলে জানা গেছে।
হস্তান্তরের সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বিজিবি সদস্য এবং দুই দেশের মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিশুদের পরিবারের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা তাদের পিতা-মাতার সঙ্গে বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পিতা-মাতারা সাজাপ্রাপ্ত হলে শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। দীর্ঘ ৩ থেকে ৭ বছর পর দুই দেশের উচ্চ পর্যায়ের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে শিশুদের বেনাপোল পোর্ট থানা-তে হস্তান্তর করা হয়।
থানা সূত্র জানায়, আনুষ্ঠানিকতা শেষে শিশুদের তিনটি বেসরকারি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রাইটস যশোর ১০ জন, মহিলা আইনজীবী সমিতি ৮ জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন শিশুকে গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
রাইটস যশোরের কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, সীমান্তের অবৈধ পথে পিতা-মাতার সঙ্গে ভারতে গিয়ে এসব শিশু বিপাকে পড়ে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবং দুই দেশের সরকারের সহযোগিতায় তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। আপাতত শিশুদের যশোরে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
