
গাজীপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য যেসব মানুষ জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। স্বৈরাচার বিদায় হয়েছে, এখন কাজ করার সময়। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়, বরং দেশের গার্মেন্টস শিল্পের রাজধানী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনা করেন এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও তিনিই পথিকৃৎ।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের প্রথম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন—যা দেশের অসংখ্য পরিবারের অর্থনৈতিক বোঝা কমিয়েছিল।
ক্ষমতায় এলে নতুন কলকারখানা, কৃষক–শ্রমিকসহ সব শ্রেণির জন্য সুবিধা
বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে রপ্তানি বাড়াতে নতুন নতুন কল-কারখানা স্থাপন, খেটে-খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারী শ্রমিকদের সন্তানের জন্য কর্মস্থল-সংলগ্ন ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে বলে ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, গাজীপুরের মানুষের দীর্ঘদিনের যানজটের সমস্যা নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ওভারব্রিজ নির্মাণ করা হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে অবহেলিত চিলাই, তুলাগ ও লবনদহ—এই তিন প্রধান খাল পুনঃখননের ঘোষণা দেন তিনি। শ্রমিকদের আবাসন সংকট দূর করতে বিশেষ উদ্যোগ এবং ছোট–মাঝারি স্বাস্থ্যসেবার জন্য হেলথ কার্ড চালুর বিষয়েও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।
১২ জানুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের অবদান ইতিহাসে লেখা থাকবে। তাই ১২ জানুয়ারির নির্বাচনে ভোর ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, যাতে কেউ কেন্দ্র দখল করতে না পারে।
বক্তব্যে তিনি স্মৃতিচারণ করে বলেন, বাবার চাকরির সুবাদে ভাওয়াল রাজবাড়ির সরকারি বাংলোতে আমরা পরিবারসহ থাকতাম। এই মাঠে আমি ও আমার ভাই সাইকেল চালাতাম, খেলতাম। ১২ তারিখের পর আপনাদের সঙ্গে খাল খনন কর্মসূচিতে দেখা হবে।
এর আগে তিনি গাজীপুরের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
২১ বছর পর গাজীপুরে তারেক রহমান—নগরীতে জনস্রোত। দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে আসেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যা ৬টায় সমাবেশ শুরুর কথা থাকলেও তিনি রাত ১১টা ৩৫ মিনিটে ভাওয়াল রাজবাড়ি মাঠে পৌঁছান এবং ১১টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন। তার আগমনের অপেক্ষায় বিশাল জনসমাগমে ভরে ওঠে সমাবেশস্থল ও আশপাশের এলাকা। শহরের প্রধান সড়কসহ অলিগলিও নেতাকর্মীর চাপড়ে বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গাজীপুরে প্রবেশের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে সাড়াও দেন।
সভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন, কাজী ছাইয়েদুল আলম বাবুল, ফজলুল হক মিলন, এম মঞ্জুরুল করিম রনি, ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, সাবেক এমপি হাসান উদ্দিন সরকার প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
