মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে।উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার তাশেম আলীর বড় ছেলে। তাঁর স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এলাকায় তাঁর কোনো শত্রু ছিল না। চলতি বছরের ২১ জানুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রফিকুলের শয়নকক্ষে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় তিনি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এ প্রসঙ্গে নিহতের বাবা তাশেম আলী বলেন, “আমার ছেলের কোনো শত্রু ছিল না। তবে কেন তাকে এভাবে খুন করা হলো তা জানি না। আমি পুলিশের কাছে আমার ছেলের হত্যাকারীদের দ্রুত কঠোর শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।