
বেনাপোল প্রতিনিধি: যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পুলেরহাট এলাকার ভাড়া বাড়িতে তাকে মারধর করা হয়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে আসাদুজ্জামানের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের মেয়ে আইনজীবী অনিকা সরকারের ফেসবুকে পরিচয় হয়। পরবর্তীতে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা যশোর সদরের পুলেরহাটের একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই অনিকা
জানতে পারেন, আসাদুজ্জামান মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে তিনি ঘরে অশান্তি সৃষ্টি করতেন এবং প্রায়ই অনিকাকে মারধর করতেন।
আইনজীবী অনিকা সরকার জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে দুইজন পুলিশ সদস্য তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান, অনিকা সরকারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আইনজীবী অনিকা সরকারকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তার স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
