গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো আয়োজিত আন্তঃঅনুষদীয় ভলিবল, ফুটবল ও ক্রিকেট (ছাত্রী) টুর্নামেন্ট ২০২৫–২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করতে পূর্বের আন্তঃহলভিত্তিক ক্রীড়া আয়োজনের পরিবর্তে আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট চালু করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও দলগত

চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

এসময় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতার ফলাফলে ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ।

উভয় খেলায় রানারআপ হয় কৃষি অনুষদ। অপরদিকে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ এবং রানারআপ হওয়ার সম্মান অর্জন করে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ। ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ভলিবলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কৃষি অনুষদের শিক্ষার্থী সীমান্ত রাণী পাল। ফুটবলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী চলন্তিকা রাণী প্রগতি এবং ক্রিকেটে একই সম্মান অর্জন করেন ওই অনুষদের শিক্ষার্থী রিচি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার আহ্বান জানান। পরে তিনি নিজ হাতে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সহমর্মিতা ও ক্রীড়াসুলভ মনোভাব এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে। আন্তঃঅনুষদীয় এ টুর্নামেন্ট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।