কাপাসিয়ায় মাটি খেকোদের অবরোধে আটকা অভিযান, বেকু ফেলে ফিরলেন এসিল্যান্ড

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে মাটি খেকো চক্রের উসকানিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে পড়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।

গত শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মাদুলী বিলে অবৈধ মাটি উত্তোলনবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের একপর্যায় মাটি কাটায় ব্যবহৃত একটি এসকেভেটর (বেকু) জব্দ করা হয়। তবে জব্দকৃত বেকুটি বিল এলাকা থেকে মূল সড়কে আনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে চেইন খুলে একটি সরু রাস্তায় আটকে পড়ে।

ঠিক সেই সময় রাতের অন্ধকারে স্থানীয় প্রায় একশ থেকে দেড়শ মানুষ বেকুটির সামনে পেছনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে অভিযানে থাকা প্রশাসনিক দল সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিযান স্থগিত করতে বাধ্য হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জব্দকৃত এসকেভেটরটি ঘটনাস্থলে রেখেই তারা নিরাপদে ফিরে আসেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, “অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে একটি এসকেভেটর জব্দ করা হয়। কিন্তু মাটি কাটা চক্রের সদস্যরা উৎসুক জনতাকে উসকে দিয়ে রাস্তা অবরোধ সৃষ্টি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বেকুটি ঘটনাস্থলে রেখে আমাদের ফিরে আসতে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে মাদুলী বিলসহ আশপাশের ফসলি জমি থেকে টপ সয়েল কেটে মাটি সরবরাহ করছে। এতে কৃষিজমি, কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুনরায় অভিযান চালানো হবে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।