
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট; সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা; খুলনায় প্রেস ক্লাবের সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর তার লাশে অগ্নিসংযোগ—এই ঘটনাগুলোর মধ্য দিয়ে মববাজরা প্রমাণ করেছে, শিক্ষা, সংবাদ ও সংস্কৃতি তাদের ভয়ের কারণ।
তিনি বলেন, দেশটি যদি সত্যিকারের কোনো দেশপ্রেমিক গোষ্ঠীর দ্বারা পরিচালিত হতো, তাহলে এতগুলো ঘটনা একসঙ্গে ঘটার সুযোগ পেত না দেশ, শিক্ষা, সংস্কৃতি ও মানবতাবিরোধী এই গোষ্ঠী। এরপরও যদি দেশের মানুষকে মবের কাছে জিম্মি করে এসব ঘটনা ঘটানো হতো, তাহলে গত ২৪ ঘণ্টার মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হতো এবং মানুষকে নিরাপদে থাকার ও বাঁচার নিশ্চয়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হতো।
২০ ডিসেম্বর দুপুরে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুড়ছে দেশ-সমাজ: জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা।
সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আল মামুন মন্ডল, সদস্য শাহানাজ জাহান, নূরুল আজিম প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেন, আমরা দেখেছি প্রথম আলো ও ডেইলি স্টারের পিসিসহ বিভিন্ন মালামাল কারা লুট করেছে। ৫ আগস্টের আগেও যারা ক্ষমতালিপ্সু হয়ে রাজনীতির নামে অপরাজনীতি করেছে, তারা এখনো তা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এসব অসভ্য ও বর্বর শক্তিকে ৫ আগস্টের চেয়েও ভয়ংকরভাবে পরাজিত করবে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষ।
তারা আরও বলেন, রাজনীতির নামে অপরাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাস যারা চায় না বলেই অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সাধারণ মানুষ। একইভাবে যদি কোনো গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে ফায়দা হাসিল করতে চায়, তাহলে বাংলাদেশের সাহসী জনতা আবারও তার দাঁতভাঙা জবাব দেবে—এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
