
বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সহযোগিতা চেয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ এর সঙ্গে মতবিনিময় সভা করেছে ভাওয়ালগড় মির্জাপুর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওসি মহিবুল্লাহ বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক—এই তিনটি সমাজব্যাধি সঠিকভাবে প্রতিরোধ করতে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন,আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হোক নিরাপত্তা, নৈতিকতা ও মানবিকতার চর্চার স্থান। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে রয়েছে। কোনো সমস্যা দেখলে বিলম্ব না করে আমাদের জানাতে হবে—তাহলেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।
সভায় কলেজের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ বজায় রাখতে পুলিশ ও কলেজ প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তারা ক্যাম্পাস ও সমাজের নানা সমস্যার সমাধানেও সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষার্থীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত, বাল্যবিবাহ–ইভটিজিং প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা বাড়াতে পুলিশের সহযোগিতা কামনা করেন।
জয়দেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ আরও বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও সঠিক পথে পরিচালনা করতে পুলিশ–শিক্ষক–অভিভাবক—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি। বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো অপরাধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
