
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী দুলাই উচ্চ বিদ্যালয়ে নিষিদ্ধ গাইডবই চালুর নামে দুই প্রকাশনী থেকে অর্থ নেওয়া নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এই অনিয়মের ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য খোন্দকার গোলাপ আলী এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
জানা যায়, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১,৭২০ জন শিক্ষার্থী রয়েছে। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে দুইটি প্রকাশনী—পাঞ্জেরি ও লেকচার—এর নিষিদ্ধ গাইডবই চালুর জন্য বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক গ্রুপ আলাদাভাবে প্রকাশনীগুলোর সঙ্গে আর্থিক চুক্তি করেন।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক কামাল হোসেন লিটন লেকচার প্রকাশনী থেকে ২ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করেন এবং সহকারী শিক্ষক এনামুল হক পাঞ্জেরি প্রকাশনী থেকে ৩ লাখ টাকা নেন। এই অর্থ দুই গ্রুপের শিক্ষকদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি প্রধান শিক্ষক লেকচার গাইডভিত্তিক সিলেবাস তৈরির চেষ্টা করলে অপর গ্রুপের শিক্ষকরা বাধা দেন এবং দাবি তোলেন, প্রধান শিক্ষক গৃহীত অর্থ শিক্ষকদের মধ্যে সমানভাবে ভাগ না করলে পাঞ্জেরি গাইডের ভিত্তিতে সিলেবাস চালু করা হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুই প্রকাশনীর গাইড একসাথে চালু হলে তারা আর্থিকভাবে চাপে পড়বে। অভিভাবকরাও বলেন, যেসব শিক্ষক শিক্ষার্থীদের আদর্শ গড়ে তুলবেন, তারাই অর্থের লোভে নিষিদ্ধ গাইড চালিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন—যা অত্যন্ত লজ্জাজনক।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক কামাল হোসেন লিটন বলেন, অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, বিদ্যালয়ে কোনো গাইড নির্ধারণ করা হয়নি এবং কিছু শিক্ষক যাঁরা কোচিংয়ের সঙ্গে জড়িত, তারা হয়ত বিষয়টির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
