
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে বৃহত্তর জশনে জুলুস বের করেছে অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী বাংলাদেশ। সোমবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে বাদ জোহর সায়েদাবাদ দাওয়াতে ইসলামীর মাদানী মারকায ফয়জানে মদিনা থেকে জুলুসটি বের করা হয়।
এটি রাজধানী সুপার মার্কেট গুলিস্তান জিরো পয়েন্ট মুক্তাঙ্গন, কাকরাইল মোড়, নয়াপল্টন, রাজারবাগ হয়ে শাহজাহানপুরস্থ ফায়জানে খাজা গরীবে নেওয়াজ মসজিদ কমপ্লেক্সে গিয়ে সমাপ্ত হয়। ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ধ্বনিতে, কালেমা খচিত পতাকা নিয়ে হাজার হাজার আশেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুসে অংশ নেন।
জুলুস শেষে মিলাদ, কেয়াম ও দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম’র তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
দাওয়াতে ইসলামীর ঢাকা সিটি সভাপতি জনাব আলহাজ্ব মুহাম্মদ রিয়াজ আত্তারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাওয়াতে ইসলামী মারকাযি মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশের সভাপতি আব্দুল মোবিন আত্তারি মাদ্দাজিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি, মাহমুদুল রহমান কাদেরী, সৈয়দ আলফেসানী আত্তারি, মুহাম্মদ নিজাম কাদেরী, ঢাকা সিটি সহ সভাপতি মুহাম্মদ ইমরান আত্তারি প্রমুখ।