র‍্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদ উপহার দিলেন তারেক রহমান

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে র‍্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদ উপলক্ষে তার পক্ষ থেকে নিহত রব্বানীর পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদকার্ড তুলে দিয়েছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে রব্বানীর পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, সদস্য ইউনুস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা নিহত যুবদল নেতা গোলাম রব্বানীর বড় মেয়ে রওনক জাহান রিক্তা ও স্ত্রী শাহনাজ বেগমের হাতে তারেক রহমানের পাঠানো অর্থ সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গোলাম রব্বানীর বড় মেয়ে রওনক জাহান। তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজ উদ দৌলা, যুগ্ম আহ্বায়ক লুৎফর সর্দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক সামিনুর, যুবনেতা আনোয়ার হোসেন ইসলামসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বর মাসে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনার পর যুবদল নেতা গোলাম রব্বানীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় র‍্যাব। পরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *